দক্ষিণ লেবাননের দুই শহরে ইসরায়েলের উচ্ছেদ নির্দেশ

আপডেট : ০৫ মে ২০২৬, ১২:৪৩ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার লেবানন সীমান্তে নতুন মোড় নিয়েছে। দক্ষিণ লেবাননের দুটি গুরুত্বপূর্ণ শহর জাবশীত ও সারাফান্দ-এর বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ‘বলপূর্বক উচ্ছেদ’ নির্দেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

মঙ্গলবার (৩ মে) সামরিক বাহিনীর এক জরুরি বার্তায় এই নির্দেশ দেওয়া হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের বিবৃতিতে ওই দুই শহরের বাসিন্দাদের ‘অবিলম্বে’ এলাকা ত্যাগ করতে বলেছে। নির্দেশনায় বলা হয়েছে, বাসিন্দাদের গ্রাম ও শহর থেকে অন্তত ১,০০০ মিটার (প্রায় ০.৬২ মাইল) দূরে কোনো খোলা জায়গায় সরে যেতে হবে।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের কাছাকাছি অবস্থান করা সাধারণ নাগরিকদের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ। ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, যারা হিজবুল্লাহর সদস্য, স্থাপনা বা যুদ্ধ সরঞ্জামের আশেপাশে অবস্থান করবে, তারা সরাসরি বিপদের মুখে পড়বে।

গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার সমান্তরালে লেবানন সীমান্তেও সংঘর্ষ তীব্র হয়েছে। এর আগে হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে কয়েক দফা মর্টার হামলা চালানো হয়।

নির্দিষ্ট শহর ধরে এই উচ্ছেদ নির্দেশ মূলত ওই এলাকায় বড় ধরনের বিমান হামলা বা সম্ভাব্য স্থল অভিযানের পূর্বপ্রস্তুতি। এই আদেশের ফলে হাজার হাজার লেবানিজ নাগরিক গৃহহীন হওয়ার আশঙ্কায় রয়েছেন। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন