বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, দিন শেষে কিছুটা স্থিতিশীল

আপডেট : ০৯ মে ২০২৬, ০৯:৫৩ এএম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে অনেকটা বেড়ে গিয়েছিল। শুক্রবার (৮ মে) লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধের একটি সম্ভাব্য চুক্তির খবরে দিনের শেষে তেলের দাম কিছুটা স্থিতিশীল হয়।

শুক্রবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে ১.২৩ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ১০১.২৯ ডলারে স্থির হয়। দিনের শুরুতে এটি ৩ শতাংশ বাড়লেও পরে তা কমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ফিউচারের দাম ব্যারেল প্রতি ০.৬১ ডলার বা ০.৬৪ শতাংশ বেড়ে ৯৫.৪২ ডলারে থিতু হয়।

বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'অ্যাগেইন ক্যাপিটাল'-এর পার্টনার জন কিলডাফ রয়টার্সকে জানান, বাজারে বর্তমানে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। একদিকে যেমন আলোচনার মাধ্যমে বড় কোনো সাফল্যের আশা রয়েছে, অন্যদিকে সংঘাত নতুন করে মাথাচাড়া দেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

কিলডাফ আরও বলেন, বাজার এখন একটি সমঝোতার অপেক্ষায় আছে। ধারণা করা হচ্ছে, চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে আরও ৩০ দিন সময় লাগতে পারে যেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি টেকসই ঐকমত্য তৈরির চেষ্টা করা হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হওয়ায় এখানে যেকোনো সামরিক অস্থিরতা সরাসরি বৈশ্বিক তেল সরবরাহকে বাধাগ্রস্ত করে। ফলে শান্তি চুক্তির আলোচনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত তেলের বাজারে এই অস্থিরতা বজায় থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত