দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলার মুখে ব্যাপক পাল্টা প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুর থেকে তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অন্তত ২৬টি সফল হামলা চালিয়েছে। এমন এক সময়ে এই দাবি এলো যখন ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩০ জনেরও বেশি লেবানিজ নাগরিক নিহত হয়েছেন।
হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা দেইর সিরিয়ান (Deir Siryan) শহরের বাইরে একটি ইসরায়েলি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া হাদ্দাথা (Haddatha) শহরে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রাকে লক্ষ্য করে গোলাবর্ষণ এবং লাব্বৌনেহ (Labbouneh) গ্রামে সমবেত ইসরায়েলি সৈন্যদের ওপর নিখুঁত হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, এসব হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছেন, তবে সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাতের মধ্যে গত শুক্রবার ছিল দক্ষিণ লেবাননের জন্য অন্যতম রক্তক্ষয়ী দিন। ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণ ও আগ্রাসনের ফলে লেবাননে এখন পর্যন্ত ২,৭০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৮,৫০০ জন আহত হয়েছেন।
সংঘাত বিশ্লেষকদের মতে, একদিকে ইসরায়েল বিমান হামলার মাধ্যমে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করছে, অন্যদিকে হিজবুল্লাহর এই একের পর এক পাল্টা হামলা প্রমাণ করে যে তারা এখনো দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। যুদ্ধের এই ভয়াবহ বিস্তার লেবাননের মানবিক পরিস্থিতিকে এক চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। সূত্র: ইসরায়েল
লেবানন-ইসরায়েল বৈঠক যুক্তরাষ্ট্রে, আলোচনা শুরুর ঘোষণা