দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৪০টিরও বেশি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত সপ্তাহান্ত জুড়ে চালানো এই অভিযানে হিজবুল্লাহর ১০ জন যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেছে তেল আবিব।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের অভিযানে হিজবুল্লাহর অস্ত্রের গুদাম এবং রকেট লঞ্চারসহ বেশ কিছু কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসনে গত শনিবারেই অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন।
সাকসাকিয়েহ এলাকায় চালানো একটি হামলার প্রত্যক্ষদর্শী জানান, সেখানে অন্তত ৭ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বাস্তুচ্যুত মানুষ এবং শিশু রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এক জনসভায় বলেন, “মধ্যস্থতায় সফল হতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।” গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় পাকিস্তান একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সূত্র: আলজাজিরা
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত রোধে মধ্যস্থতা অব্যাহত রাখবে পাকিস্তান