ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ চলাকালীন সময়ে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব ইরানে গোপন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) বার্তা সংস্থা রয়টার্স তাদের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, গত মার্চ মাসে সৌদি আরব ইরানের অভ্যন্তরে একাধিকবার সরাসরি হামলা চালায়।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পক্ষ থেকে আগের কিছু উস্কানিমূলক হামলার প্রতিশোধ হিসেবেই সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছিল। এটি ছিল ইরানের মাটিতে সৌদি আরবের পক্ষ থেকে চালানো প্রথম সরাসরি সামরিক অভিযান। যদিও হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়। তবে এই গোপন হামলার পর সৌদি আরব কঠোর কূটনৈতিক তৎপরতা ও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণার প্রায় এক সপ্তাহ আগেই সৌদি-ইরান উত্তেজনা প্রশমিত হতে শুরু করে। মূলত সৌদির এই সরাসরি হস্তক্ষেপ এবং পরবর্তী অনানুষ্ঠানিক সমঝোতাই বড় ধরনের সংঘাত এড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্স এই বিষয়ে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স
হরমুজ প্রণালীর নিরাপত্তায় ৪০ দেশের জোটে অস্ট্রেলিয়া