লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক তৎপরতা ও ব্যাপক স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের কর্মকাণ্ডকে উত্তেজনা বৃদ্ধির ধারাবাহিকতা হিসেবে আখ্যা দিয়েছে।
বিবৃতিতে কুয়েত লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে দেশটি অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধ, লেবাননের সব অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবসহ সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক প্রস্তাবনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
কুয়েত আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্ব হলো এসব লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
এদিকে কুয়েতের এই অবস্থান এমন এক সময় সামনে এলো, যখন দেশটি নিজেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে। একই সময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে এমন একটি ঘাঁটির বিরুদ্ধে, যা তাদের মতে ইরানের সিরিক দ্বীপে হামলার জন্য ব্যবহৃত হয়েছিল। সূত্র: আলজাজিরা
ইসরায়েলকে থামানোর শক্তি নেই, তবে যুদ্ধকে 'ব্যয়বহুল' করতে পারে হিজবুল্লাহ