ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাশেম গারিবাবাদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, ইসরায়েলকে নিয়ে শুধু উদ্বেগ প্রকাশের পর্যায় থেকে বের হয়ে এসে এখনই কঠোর ও বাধ্যতামূলক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তার মতে, বর্তমান পদক্ষেপগুলো পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট নয় এবং কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট মূলত ইসরায়েলি শাসনব্যবস্থার অপরাধ ও দায়মুক্তির ফল, যা বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং যুদ্ধবিরতিকেও কার্যত অকার্যকর করে তুলছে।
গারিবাবাদি আরও বলেন, আন্তর্জাতিক আইন কেবলমাত্র প্রতীকী বা দুর্বল নিন্দার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব নয়, এর জন্য কার্যকর ও শক্তিশালী সিদ্ধান্ত প্রয়োজন।
তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য যে তিনি নেতানিয়াহুকে বৈরুতে বড় হামলা থেকে বিরত রেখেছেন, এটি কেবল শান্তি প্রচেষ্টার ইঙ্গিত নয়, বরং ইসরায়েলের সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ।
তার ভাষায়, যদি কোনো স্বাধীন রাষ্ট্রের রাজধানীতে হামলার সিদ্ধান্ত এক ফোনকলেই পরিবর্তন করা সম্ভব হয়, তবে প্রশ্ন থেকে যায়, মাসের পর মাস যুদ্ধবিরতি লঙ্ঘন, লেবাননে হামলা, জনগণকে বাস্তুচ্যুত করা এবং পশ্চিমা সমর্থনপুষ্ট আগ্রাসন কীভাবে অব্যাহত থাকতে পারে। সূত্র:আলজাজিরা
'যুদ্ধবিরতিতে আরও শক্তিশালী হয়েছে আইআরজিসি'