লেবাননের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। তারা দুজন পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন।
শনিবার (৬ জুন) রাতে দুই সেনা সদস্য নিহতের খবর নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানায়, নিহত সেনাদের মধ্যে একজন হলেন ২৩ বছর বয়সী ক্যাপ্টেন শাহার গামলা, যিনি সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলেও শনিবার সকালে তিনি মারা যান।
অন্যদিকে, গত শুক্রবার আলাদা একটি ঘটনায় ২১ বছর বয়সী সার্জেন্ট ওহাদ ইয়ারি নামে আরেক সেনা নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তিনি দুর্ঘটনাজনক গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে।
লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও সেখানে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ব্যাপক হামলা অব্যাহত রাখার মধ্যেই এই দুই সেনার মৃত্যুর খবর এলো। আইডিএফ জানিয়েছে, শুধুমাত্র গতকালই তারা লেবাননে হিজবুল্লাহর দেড় শতাধিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্র: টাইমস অব ইসরায়েল
ইরানের জব্দকৃত অর্থ ক্ষতিগ্রস্ত আরব দেশগুলোকে দেবে যুক্তরাষ্ট্র