ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত সমাপ্ত করার ঘোষণা দিয়েছে ইরান। তবে লেবাননে নতুন করে হামলা চালানো হলে আরও কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির সশস্ত্র বাহিনী।
আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি–এর প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবানন ও বৈরুতের দাহিয়ে এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইরান ‘বেদনাদায়ক প্রতিক্রিয়া’ দিয়েছে। তাদের দাবি, এই অভিযানের মাধ্যমে নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে।
এই ঘোষণা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে সম্ভাব্য শান্তি উদ্যোগ ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। তবে দেশটির এক সামরিক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইরানকে ঘিরে কয়েক দিনের জন্য কিংবা প্রয়োজন হলে আরও দীর্ঘ সময়ের জন্য বিভিন্ন ধরনের সামরিক বিকল্প প্রস্তুত রাখা হয়েছে। সূত্র: আলজাজিরা
ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা থামাতে ট্রাম্পের আহ্বান