দক্ষিণ লেবাননের বাফার জোন (সীমান্তবর্তী এলাকা) থেকে এখনই ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন, ততদিন সেখানে সেনা মোতায়েন থাকবে বলে তিনি ঘোষণা করেছেন।
রোববার (২১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম শাফাক নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সময় রোববার (২১ জুন) এক স্মরণসভায় অংশ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে- এমন যেকোনো সশস্ত্র গোষ্ঠীর ওপর সামরিক চাপ অব্যাহত রাখা হবে। মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক আলোচনা যাই হোক না কেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। একই সাথে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গত এক বছরে ইরানের অভ্যন্তরে ও বিরুদ্ধে চালানো ইসরায়েলি সামরিক অভিযানগুলোকে সম্পূর্ণ প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত বলে উল্লেখ করেন নেতানিয়াহু।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও জানান, সীমান্তবর্তী বাফার জোন থেকে তাদের সামরিক বাহিনী সরানোর কোনো পরিকল্পনা নেই। যেকোনো সম্ভাব্য হুমকি নস্যাৎ করতে সীমান্ত এলাকায় সামরিক অভিযান চালু থাকবে।
অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অনমনীয় অবস্থানের তীব্র বিরোধিতা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে তারা অবিলম্বে লেবাননের ভূখণ্ড থেকে সমস্ত ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
মাঠ থেকে যুদ্ধক্ষেত্র, সবখানেই আমাদের লড়াই সম্মান রক্ষার: আরাগচি
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের