গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ৬ ফিলিস্তিনি

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:৩৭ এএম

গাজায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। একাধিক বিমান ও ড্রোন হামলায় অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও হামলা অব্যাহত থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত এবং কয়েকজন আহত হন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। একই দিনে গাজার বিভিন্ন এলাকায় আরও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় গাড়ি লক্ষ্য করে চালানো আরেক হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিবেদক মোয়াথ আল-কাহলুত জানান, এটি গাজার অন্যতম ব্যস্ত সড়ক। সেখানে অসংখ্য দোকানপাট, সুপারমার্কেট এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল রয়েছে।

এর আগে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অন্তত আটজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন। তবে এসব হতাহতের নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেও হামলা থামেনি। আল জাজিরার প্রতিবেদক দাবি করেন, যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিন থেকেই ইসরায়েলি বাহিনী চুক্তি লঙ্ঘন করে আসছে এবং এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

সূত্রঃ আল জাজিরা

NM/YA
আরও পড়ুন