নিউইয়র্ক সিনেটে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়ে প্রথম ফিলিস্তিনি নারী এবং প্রথম মুসলিম নারী হিসেবে অঙ্গরাজ্যটির সিনেটে জায়গা করে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হান খোন তোকে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন কাওয়াস। নিউইয়র্কের কুইন্স এলাকার ১২ নম্বর সিনেট জেলা থেকে নির্বাচিত হয়েছেন তিনি। জেলাটিতে উল্লেখযোগ্যসংখ্যক আরব বংশোদ্ভূত মানুষের বসবাস।

নির্বাচনে জয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কাওয়াস বলেন, নিউইয়র্কের ভোটাররা সিনেটের ইতিহাসে প্রথমবারের মতো একজন ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন। তার এই বিজয়কে নিজেদের রাজনৈতিক প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সমর্থকেরা।

কাওয়াসের পারিবারিক ইতিহাসও ফিলিস্তিনের বাস্তুচ্যুত মানুষের অভিজ্ঞতার সঙ্গে জড়িত। তার বাবা ১৯৪৮ সালে এবং মা ১৯৬৭ সালে নিজ বাড়ি ছাড়তে বাধ্য হন। পরে জর্ডানে তাদের পরিচয় ও বিয়ে হয়। নব্বইয়ের দশকে পরিবারটি যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়।

শৈশব ও কৈশোরের পারিবারিক অভিজ্ঞতা কাওয়াসের রাজনৈতিক চিন্তাভাবনায় প্রভাব ফেলেছে। কৈশোরে তার বাবা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর হাতে আটক হয়েছিলেন। ওই ঘটনার পর পরিবারের আর্থিক ও সামাজিক সংকট তাকে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করতে উৎসাহিত করে।

পরবর্তী সময়ে অনথিভুক্ত অভিবাসী শিক্ষার্থীদের শিক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে নিউইয়র্কের অঙ্গরাজ্য আইনসভায় সক্রিয় হন তিনি। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে থেকেই অভিবাসন অধিকার, আবাসন ও সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করেছেন কাওয়াস।

নির্বাচনী প্রচারণায় নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সমর্থন পেয়েছেন তিনি। তার প্রচারণায় এক হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। সাশ্রয়ী আবাসন, উন্নত স্বাস্থ্যসেবা, গণপরিবহন এবং অভিবাসীদের অধিকার ছিল তার নির্বাচনী অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ।

ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নেও কাওয়াসের অবস্থান বেশ স্পষ্ট। নির্বাচনী প্রচারণায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সিনেট সদস্য হিসেবে তার অন্যতম প্রধান লক্ষ্য ‘নট অন আওয়ার ডাইম!’ নামের একটি বিল আবারও উত্থাপন করা।

২০২৩ সালে জোহরান মামদানির সঙ্গে যৌথভাবে তৈরি করা এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি কার্যক্রমে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধ করা।

তবে প্রস্তাবটি বাস্তবায়নের ক্ষেত্রে সিনেটের অন্য সদস্য ও আইনসভার নেতৃত্বের সমর্থন প্রয়োজন হবে। এ বিষয়ে কাওয়াসের বক্তব্য, রাজনৈতিক পরিবর্তন আনতে জনগণের সম্মিলিত শক্তিই হবে তার প্রধান অবলম্বন।

তার এই বিজয় শুধু ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়, নিউইয়র্কের আরব ও মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তথ্যসূত্র: আলজাজিরা।

বিএইচবি
আরও পড়ুন