ইরান এখনো বাহরাইনের বিরুদ্ধে পরিকল্পিত ও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির সামরিক বাহিনী। বাহরাইনের দাবি, এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বেসামরিক মানুষ ও স্থাপনা, যদিও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলাই সফলভাবে প্রতিহত করেছে।
এক বিবৃতিতে বাহরাইনের সশস্ত্র বাহিনী জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সব ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের হুমকি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করা হয়।
বাহরাইনের জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ইরান ধারাবাহিকভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করছে।
দেশটির ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।
এর আগে রাতে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন, জর্ডান, কাতার ও ওমান নিজ নিজ ভূখণ্ডে ইরানের হামলার ঘটনা নিশ্চিত করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্র: আলজাজিরা
সবকিছু লঙ্ঘন করেছে ইরান, সৌদির কড়া বার্তা
মধ্যপ্রাচ্যের দেশে দেশে ইরানের পাল্টা হামলা
ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের ঘোষণা মোজতবা খামেনির