ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে ব্যর্থ যুক্তরাষ্ট্র: খাতামি

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে চাইলেও দেশটির পারমাণবিক সক্ষমতা এখনো অক্ষত রয়েছে। এই সক্ষমতার মূল ভিত্তি দেশটির পারমাণবিক বিজ্ঞানীদের জ্ঞান ও দক্ষতা বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন খাতামি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতার প্রসঙ্গ তুলে তিনি এসব মন্তব্য করেন।

খাতামির ভাষ্য, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা ছিল শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু সামরিক হামলা চালিয়েও তারা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। তাঁর দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা কেবল স্থাপনা বা অবকাঠামোর ওপর নির্ভরশীল নয়; দেশটির পারমাণবিক বিজ্ঞানীদের দীর্ঘদিনের জ্ঞান ও দক্ষতাই এর মূল ভিত্তি।

তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের চেষ্টাও ব্যর্থ হয়েছে। বরং ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি যুক্তরাষ্ট্রকে বড় ধরনের আঘাত করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ইরানের বিরুদ্ধে ১৬০ দিনেরও বেশি সময় ধরে চলা প্রতিরোধের কথা উল্লেখ করে খাতামি বলেন, দেশটির ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করাই ছিল শত্রুপক্ষের অন্যতম লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যও অর্জিত হয়নি। তাঁর দাবি, ইরানকে ধ্বংস করার প্রচেষ্টার বিপরীতে দেশটি এখন বৈশ্বিক শক্তি হিসেবে আরও দৃশ্যমান হয়ে উঠেছে।

খাতামি আরও অভিযোগ করেন, ইরানকে সাতটি পৃথক রাষ্ট্রে ভাগ করে দেশটির ঐক্য নষ্ট করার পরিকল্পনাও করা হয়েছিল। তবে যুদ্ধ ও আগ্রাসনের মধ্যেও ইরান তার ভূখণ্ডের এক ইঞ্চিও হারায়নি বলে দাবি করেন তিনি।

ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার যে লক্ষ্য যুক্তরাষ্ট্রের ছিল বলে তিনি অভিযোগ করেন, সেটিও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন খাতামি। তাঁর ভাষায়, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে ফল অর্জন করতে চেয়েছিল, বাস্তবে তার বিপরীত পরিস্থিতিই তৈরি হয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

AS
আরও পড়ুন