সিরিয়ার সামরিক বিমানঘাঁটিতে হামলা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:২০ এএম

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত 'আবু আল-জুহুর' সামরিক বিমানঘাঁটিতে ৪টি ধারাবাহিক বিমান হামলা চালানো হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই প্রথম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটিটিকে নিশানা করা হলো।

হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত খুব সীমিত এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বক্তব্য দেওয়া হয়নি।

কোন দেশের বিমান থেকে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও, কয়েকটি সূত্রের দাবি হামলাগুলো ইসরায়েলি যুদ্ধবিমান থেকে চালানো হয়ে থাকতে পারে। 

তবে হামলায় বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে আসাদ সরকারের শাসনামল ও পরবর্তীতে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর, নাইরাব সামরিক বিমানঘাঁটি, হোমসের আল-শায়রাত বিমানবন্দর এবং টিয়াস ও আল-দাবা বিমানবন্দরের মতো কাছাকাছি বিমানঘাঁটিগুলোতে দফায় দফায় হামলা হলেও 'আবু আল-জুহুর' বিমানঘাঁটিটি এতদিন হামলার লক্ষ্যবস্তু থেকে বাইরে ছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের আগে এই বিমানঘাঁটিটি সিরীয় বিপ্লবী বাহিনী এবং তৎকালীন সরকারি বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দু ছিল। বারবার হাতবদল হওয়ায় এখানে ইরানের প্রভাব ও উপস্থিতি প্রতিষ্ঠিত হতে পারেনি। ফলে এতদিন ধরে ইসরায়েলের দৃষ্টি প্রধানত দক্ষিণ সিরিয়া বা ইরান-সংযুক্ত নেটওয়ার্কের ওপরই ছিল। আসাদ সরকারের পতনের পর এই বিমানঘাঁটিতে এমন হামলা এটাই প্রথম।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন