মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১৫ দফার ‘শান্তি রোডম্যাপ’ বাস্তবায়নে হামাস এখনো প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা বাসিম নাইম।
সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই পরিকল্পনা বাস্তবায়নে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ এবং মধ্যস্থতাকারীদের দ্রুত ও কার্যকর ভূমিকার দিকে তাকিয়ে আছে হামাস।
বাসিম নাইম বলেন, আমাদের সাধারণ মানুষকে জীবন পুনর্গঠনের সুযোগ দিতে এবং ন্যূনতম শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা এই পথে এগিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত।
সাক্ষাৎকারে তিনি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানান, গাজা রোডম্যাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা চলাকালে ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার ও অন্য মধ্যস্থতাকারীরা হামাসকে ইসরায়েলের আসন্ন নির্বাচন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক স্পর্শকাতর পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ করেছিলেন।
এই অনুরোধের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বাসিম নাইম বলেন, নেতানিয়াহুর নির্বাচনের জন্য চুক্তির সময় কতটা স্পর্শকাতর, তা বিবেচনা করা একজন ফিলিস্তিনির দায়িত্ব হতে পারে না। ফিলিস্তিনিদের রক্ত ও জীবনের বিনিময়ে নেতানিয়াহুর রাজনৈতিক বিজয় সুনিশ্চিত করতে আমরা রাজি নই।
তিনি আরও অভিযোগ করেন, অস্ত্র সমর্পণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে রোডম্যাপের কাঠামো ঠিক হলেও ইসরায়েল যুদ্ধবিরতির কোনো শর্তই মানেনি। উল্টো গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার বদলে হামলা আরও বাড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা
ঢাবির ১৯৬৮ ব্যাচে রাষ্ট্রপতির সহপাঠী যারা ছিলেন
ইরানি তেল আমদানিতে অটল চীন!