গাজামুখী গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলায় হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আফেক মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে তুরস্ক। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১৪ জুলাই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। এরপর আন্তর্জাতিকভাবে তাদের সন্ধানের প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
ইস্তাম্বুলের ১১তম ভারী ফৌজদারি আদালতে চলা মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছেন। মামলাটি আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হস্তক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে।
নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে গণহত্যার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, বেআইনিভাবে স্বাধীনতা কেড়ে নেওয়া, সম্পত্তির ক্ষতি, গুরুতর চুরি এবং পরিবহনযান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে। মোসকোভিচ সম্পর্কে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
তুরস্কের বিচারমন্ত্রী বলেন, গাজায় সংঘটিত অপরাধ কোনোভাবেই ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দায়মুক্তির আড়ালে রক্ষা করতেও তুরস্ক রাজি নয়।
গাজার উদ্দেশে যাত্রা করা এই ফ্লোটিলায় বিভিন্ন দেশের বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তাকর্মীরা ছিলেন। তাদের ওপর আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করেই মামলাটি করা হয়েছে বলে তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: আলজাজিরা
'ইরানের সামরিক শক্তি সব সমীকরণ পাল্টে দিয়েছে'
মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুতির আহ্বান গালিবাফের
নাজাফে ইরানপন্থী কমান্ডারের কবর জিয়ারত করলেন গালিবাফ