নাজাফে ইরানপন্থী কমান্ডারের কবর জিয়ারত করলেন গালিবাফ

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

ইরাক সফরের তৃতীয় দিনে নাজাফের ওয়াদি আল-সালাম কবরস্থানে গিয়ে ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠীর সাবেক কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের কবর জিয়ারত করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সংসদীয় প্রতিনিধিদলের ইরাক সফরের অংশ হিসেবেই নাজাফে যান গালিবাফ। সেখানে তিনি আল-মুহান্দিসের পাশাপাশি ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর আরও কয়েকজন সদস্যের কবরেও যান।

ওয়াদি আল-সালাম কবরস্থান নাজাফের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কবরস্থান। গালিবাফের এই সফর এমন এক সময়ে হলো, যখন ইরান ও ইরাকের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে তাঁর সফরে ধারাবাহিক আলোচনা চলছে।

আবু মাহদি আল-মুহান্দিস ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সাবেক উপপ্রধান। ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ইরাকের নিরাপত্তা ও রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন কমান্ডার।

২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির সঙ্গে নিহত হন আল-মুহান্দিস। ওই হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে এবং ইরাকের মাটিতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়।

গালিবাফের নাজাফ সফরের মধ্য দিয়ে সেই নিহত কমান্ডারদের প্রতি ইরানের রাজনৈতিক নেতৃত্বের প্রকাশ্য শ্রদ্ধা জানানোর বিষয়টিও সামনে এলো। এর আগে ইরানি কর্মকর্তারা বিভিন্ন সময়ে সোলেইমানি ও আল-মুহান্দিসকে আঞ্চলিক প্রতিরোধের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন