কাতারে আটক ইরানি পাইলটদের চিকিৎসার আহ্বান

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

কাতারে আটক ইরানি পাইলটদের জলপথে রাখা হয়েছে দাবি করে তাদের দ্রুত স্থলভাগের হাসপাতালে স্থানান্তরের আহ্বান জানিয়েছে ইরান। আটক পাইলটদের শারীরিক অবস্থা ভালো নয় বলেও উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির এক সামরিক কর্মকর্তা।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের সন্ধানবিষয়ক কমিটির কমান্ডার মোহাম্মদ বাঘেরজাদেহ শনিবার (২২ আগস্ট) এ আহ্বান জানান বলে দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাতে রয়টার্স জানিয়েছে।

বাঘেরজাদেহ বলেন, আটক ইরানি পাইলটদের যেখানে রাখা হয়েছে, সেটি তাদের চিকিৎসা ও অবস্থানের জন্য উপযুক্ত নয়। তার দাবি, পাইলটরা বর্তমানে জলাশয়ের ওপর জাহাজ বা কোনো নৌযানে আটক অবস্থায় রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা অবনতির দিকে।

এ পরিস্থিতিতে আটক পাইলটদের দ্রুত কাতারের স্থলভাগে এনে হাসপাতালে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অসুস্থ ও আহত বন্দীদের দ্রুত ইরানে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন ইরানি এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, আটক পাইলটদের শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা প্রয়োজন। এ জন্য কাতারে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থাও করতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

তবে তাসনিমের প্রতিবেদনে আটক পাইলটদের সঠিক সংখ্যা, তাদের আটকের স্থান কিংবা কী পরিস্থিতিতে তারা কাতারের হেফাজতে গেছেন, এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কাতার সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: আরব নিউজ

AS
আরও পড়ুন