মক্কা প্রতিরক্ষা জোট বাস্তবায়নে তৎপর সৌদি-তুরস্ক-পাকিস্তান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ নিয়ে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক ফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি এবং বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ইস্তাম্বুলে অনুষ্ঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে নেওয়া সমঝোতাগুলোর বাস্তবায়ন নিয়ে পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা করেন তারা।

দুই পক্ষ এ বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারেও একমত হয়েছে।

অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলাপকালে ইস্তাম্বুলে জোটটির প্রথম বৈঠক আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানান ইসহাক দার। দুই নেতা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি জোটের কাঠামোর আওতায় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।

আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা। বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সহযোগিতা জোরদারের সুযোগ নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

গত ৭ আগস্ট মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এরপর ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটটির প্রথম বৈঠকে তিন দেশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, যৌথ কার্যক্রম জোরদার, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং যৌথভাবে প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদনের বিষয়ে একমত হয়। জোটটির সচিবালয়ের দায়িত্ব প্রাথমিকভাবে তিন বছরের জন্য পাকিস্তানের নেতৃত্বে রাখার সিদ্ধান্তও হয়।

এদিকে দিনের শুরুতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ইসহাক দারকে মিসর সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ফোনালাপে দুই নেতা পাকিস্তান-মিসর দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে যোগাযোগ ও সম্পৃক্ততা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের বৈঠকেরও কথা রয়েছে।

পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গঠিত চার দেশের জোট আর-৪-এরও সদস্য। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে এই জোটগুলোর তৎপরতা বাড়ছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন