ইসরায়েলি বাহিনীর গুলিতে গর্ভবতী নারীর মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত এক গর্ভবতী নারী তিন দিন পর মারা গেছেন। খান ইউনিসের দক্ষিণে গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি নারী ও কিশোরী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১১ হাজার নারী ও কিশোরী, যাদের অনেকেরই স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে গাজায় যুদ্ধের ভয়াবহ মানসিক ও শারীরিক অভিঘাতে গর্ভপাতের ঘটনাও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা। যুদ্ধের মধ্যে গর্ভবতী নারীদের চিকিৎসাসেবা ও নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে।

খান ইউনিসের দক্ষিণে ওই নারীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং পরে তাঁর মৃত্যুর বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন