ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও গুলির শব্দ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আবারও গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় অধিকারবিষয়ক সংবাদমাধ্যম হালভাশ জানিয়েছে, রোববার (১৩ সেপ্টম্বর) সারাভানের কাছে বাখশান এলাকায় বেশ কয়েকটি সামরিক অবস্থান থেকে দীর্ঘ সময় ধরে গুলির শব্দ শোনা যায়।

এর এক দিন আগে একই এলাকায় নিরাপত্তা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত হন।

স্থানীয় সূত্রের বরাতে হালভাশ জানিয়েছে, রোববারের গুলির ঘটনা একতরফা বলে মনে হয়েছে। নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, গুলির কিছু অংশ হয়তো আকাশের দিকে ছোড়া হয়েছে। তবে রোববারের গুলিবর্ষণের কারণ সম্পর্কে ইরানি কর্তৃপক্ষ এখনো কোনো ব্যাখ্যা দেয়নি।

শনিবারের সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়েও দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। স্থানীয় একটি সশস্ত্র সংগঠন ‘পিপলস ফাইটার্স ফ্রন্ট’ দাবি করেছে, তাদের চার সদস্য এবং ইরানের নিরাপত্তা বাহিনীর নয় সদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সংঘর্ষে তাদের তিন সদস্য এবং চার বন্দুকধারী নিহত হয়েছেন। ফলে সংঘর্ষে মোট হতাহতের সংখ্যা নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান দীর্ঘদিন ধরে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার অভিযোগ রয়েছে। মাঝেমধ্যেই নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সারাভানের কাছে রোববারের গুলির ঘটনায় নতুন করে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।

এএম
আরও পড়ুন