‘দেশের জন্য আত্মত্যাগ’ মিছিলে ৩ লাখ ইরানি!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মুখে দেশ রক্ষার অঙ্গীকার জানিয়ে তেহরানে ‘ইরানের জন্য আত্মত্যাগ’ কর্মসূচির বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে ৩ লাখ ১৩ হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম মেহর।

তেহরানের ইমাম হোসেইন চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি এগিয়ে যায় এনকেলাব চত্বরের দিকে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মুখে ইসলামি প্রজাতন্ত্র রক্ষায় জীবন উৎসর্গ করতে প্রস্তুত মানুষের সমর্থন প্রকাশ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘ইরানের জন্য আত্মত্যাগ’ কর্মসূচির সদর দপ্তরের মুখপাত্র সাসান জারে বলেন, এ অভিযানে ৩ কোটি ১০ লাখ মানুষ নিবন্ধন করেছেন। তার ভাষায়, এত বিপুলসংখ্যক মানুষের নিবন্ধন স্পষ্টভাবে দেখিয়েছে, জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি ইরানের জনগণ।

জারে আরও বলেন, ৩ কোটি মানুষের একটি বাহিনী গঠনের প্রস্তুতি ঘোষণা ইতিহাসে নজিরবিহীন। তার দাবি, জনগণের এই ব্যাপক অংশগ্রহণ দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিসরেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

মিছিল চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো দেশটির বিভিন্ন ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রদর্শন করে। একই সঙ্গে ইরানের সামরিক ইউনিটগুলোও মিছিলে অংশ নেয় এবং বিদেশি যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুতির বিষয়টি তুলে ধরে।

তেহরানের কর্মসূচিতে বক্তব্য দেন বাসিজ বাহিনীর প্রধান। তিনি বলেন, এই বিশাল মিছিল প্রমাণ করেছে, ইরানি জনগণ নিজেদের এবং জাতীয় মর্যাদা রক্ষায় প্রস্তুত। কর্মসূচিতে বাসিজের একজন ধর্মীয় নেতাও অংশ নেন। তিনি বলেন, নিহত নেতার রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তিনি তার পোশাক খুলবেন না।

মিছিলে অংশ নেওয়া মোটরসাইকেল আরোহীরাও তেহরানের সড়কে অবস্থান নেন। বিভিন্ন সামরিক ইউনিটের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো কর্মসূচিতে ব্যাপক জনসমাগম দেখা যায়।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও। তিনি বলেন, ধর্ম, জাতি ও ভাষাগত বৈচিত্র্য নির্বিশেষে ইরান সব ইরানির দেশ। বিদেশি আগ্রাসনের মুখে দেশের জনগণকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত