যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আবাসিক এলাকায় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে প্যারাশুটে নিচে নামতে সক্ষম হন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল। টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, প্রশিক্ষণ চলাকালেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। মিশিগান ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যান্ড ভেটেরানস অ্যাফেয়ার্সের মুখপাত্র মাইকেল ক্রল নিশ্চিত করেন, বিধ্বস্ত বিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের এফ-১৬।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, পাইলট বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। প্রশিক্ষণ মিশনটি মিশিগানের আলপেনায় অবস্থিত এয়ার ন্যাশনাল গার্ডের কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে পরিচালিত হচ্ছিল।
ব্লেয়ার টাউনশিপের সুপারভাইজার নিকোল ব্লনশাইন জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি দুর্ঘটনাটি সরাসরি দেখেননি, তবে নিজের কার্যালয় থেকে বিকট শব্দ শুনতে পেয়েছেন বলে জানান।
প্রত্যক্ষদর্শী নিকোল কনরাড বলেন, প্রথমে তার সন্তানরা আকাশে সামরিক বিমানটি দেখতে পায়। কিছুক্ষণ পর তিনি বিকট শব্দ শুনতে পান এবং আকাশ থেকে প্যারাশুটে একজন পাইলটকে নিচে নামতে দেখেন।
আরেক প্রত্যক্ষদর্শী এড উইলসন জানান, তিনি বিমানটিকে নিচের দিকে নামতে দেখেন। এরপর বিস্ফোরণ ও কালো ধোঁয়া দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দুর্ঘটনাস্থলের একটি বাড়ির কাছে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
দুর্ঘটনার পর সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটে ওই নির্দেশ প্রত্যাহার করা হয়।
এদিকে এনবিসি নিউজের পাওয়া বিমান নিয়ন্ত্রণকক্ষের অডিওতে দুর্ঘটনার আগে সম্ভাব্য ‘মে ডে’ সংকেত শোনা গেছে। অডিও থেকে ধারণা করা হচ্ছে, বিমানটি সম্ভবত একটি পাখির সঙ্গে ধাক্কা খেয়েছিল। এরপর একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় পাইলটকে বিমান থেকে বের হয়ে আসতে হয়।
তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট।
সূত্র: এনবিসি নিউজ
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের
মহাকাশেও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনা!
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী