জোর ও বলপ্রয়োগের মাধ্যমে এক পক্ষের অন্য পক্ষের কাছ থেকে সুবিধা আদায়ের এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন সমর্থিত একটি প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের ভেটোকে স্বাগত জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, রাশিয়া ও চীনের ভেটো নিরাপত্তা পরিষদকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং আইনের শাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
গালিবাফ বলেন, এক পক্ষ জোর ও বলপ্রয়োগের মাধ্যমে অন্য পক্ষের কাছ থেকে সুবিধা আদায় করে, এমন এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসান হয়েছে। তিনি বহুপক্ষীয় ব্যবস্থাকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, একতরফা ব্যবস্থা কারও স্বার্থই পূরণ করে না।
গালিবাফের এই মন্তব্য আসে নিরাপত্তা পরিষদে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে নিয়োজিত বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রস্তাব আটকে যাওয়ার পর। প্রস্তাবটির পক্ষে ১১টি ভোট পড়লেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের ভেটোর কারণে তা গৃহীত হয়নি।
বিশেষজ্ঞ প্যানেলটির মেয়াদ আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। এর আগে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে মতপার্থক্যের কারণে গত এক বছরে প্যানেলটির জন্য নতুন বিশেষজ্ঞ নিয়োগ করা সম্ভব হয়নি।
ভোটের পর জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া পশ্চিমা দেশগুলোর প্রতি ইরান ইস্যুতে বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। তার ভাষ্য, এসব পদক্ষেপ পারস্য উপসাগরীয় সংকটের সমাধানকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে জাতিসংঘে ইরানের মিশনও রাশিয়া ও চীনকে ধন্যবাদ জানিয়েছে এবং মার্কিন খসড়া প্রস্তাবটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
যুক্তরাষ্ট্রের উত্থাপিত ইরানবিরোধী প্রস্তাব আটকে দেওয়ায় চীন-রাশিয়াকে কৃতজ্ঞতা
ইরানে যুদ্ধাপরাধ নিয়ে জাতিসংঘের অভিযোগ উড়িয়ে দিলো হোয়াইট হাউস
‘দেশের জন্য আত্মত্যাগ’ মিছিলে ৩ লাখ ইরানি!