ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে নির্ধারিত সময়ের এক দিন আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ওয়াশিংটনে ফেরেন। তাঁর ক্যাম্প ডেভিডে থাকার কথা ছিল রোববার পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই ফেরার কারণ হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়নি।
ট্রাম্প শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ক্যাম্প ডেভিডে পৌঁছেছিলেন। শনিবার সন্ধ্যায় মেরিন ওয়ান হেলিকপ্টারে করে তিনি ওয়াশিংটনে ফিরে আসেন। এ সময় তাঁর প্রশাসন ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ট্রাম্পের আকস্মিক প্রত্যাবর্তনের সময় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে দাবি করা হয়, ইরান-সমর্থিত হুথিরা রিয়াদের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময়ে সৌদি রাজধানীর বিমানবন্দরের কাছে আগুন ও বিস্ফোরণের খবর পাওয়া যায়। হুথিদের হামলা ও ইরান যুদ্ধের সম্ভাব্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক মিশনও সতর্কতা জারি করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কতায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত দ্রুত আরও বিস্তৃত হতে পারে। অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি রয়েছেন। Axios-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাত শেষ করতে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করা হবে কি না, সে বিষয়টি তিনি বিবেচনা করছেন। একই সঙ্গে উপসাগরীয় মিত্রদের মতামতও তিনি জানতে চান।
এদিকে আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। ইরান যুদ্ধ এবং সংঘাতের অবসানের সম্ভাব্য পথ সেখানে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ একটি কোর ইরানি প্রতিনিধিদলকে নিউইয়র্কে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাদের চলাচলে কিছু বিধিনিষেধ থাকবে।
‘এআই ফোর্স’ গড়বেন ট্রাম্প, নিয়োগ দেবেন নতুন এআই জার
রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টি, আরও বৃষ্টির সম্ভাবনা
ফুলহামের বিপক্ষে চাপে ম্যানচেস্টার ইউনাইটেড