পেজেশকিয়ানের ভাষণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চপেটাঘাত: ইরানি কমান্ডার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য চপেটাঘাত বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি। বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘে পেজেশকিয়ানের দেওয়া ভাষণের পর এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবদোল্লাহি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানি প্রেসিডেন্টের বক্তব্য গর্বিত ও ঈমানপ্রেরিত ইরানি জাতির জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছে। পেজেশকিয়ানের বক্তব্যের মাধ্যমে এবং পুরো বিশ্বের সামনে ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের অপরাধী প্রেসিডেন্টের মুখে একটি জোরালো চপেটাঘাত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সশস্ত্র বাহিনী জনগণ ও প্রেসিডেন্টের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অবস্থান করছে উল্লেখ করে আবদোল্লাহি বলেন, শহীদ ইমাম এবং মিনাবের নিহত শিশুদের রক্তের প্রতিশোধ অব্যাহত থাকবে। ইরানের জলসীমা, স্থলভাগ ও আকাশসীমা হুমকির মধ্যে থাকা পর্যন্ত কোনো আগ্রাসী দেশ কিংবা আগ্রাসীদের সমর্থনকারী কোনো দেশ নিরাপদ থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ানও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে স্পষ্ট করেন। তিনি বলেন, নিজেদের রক্ষার জন্য ইরান যুদ্ধকে ভয় পায় না। একই সঙ্গে শান্তির জন্য আলোচনাও প্রত্যাখ্যান করে না। প্রিয় ইরানের প্রতিরক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকার কথাও জানান তিনি।

পেজেশকিয়ান আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা প্রতিরক্ষার উদ্দেশ্যে ব্যবহারের জন্য। নিজেদের রক্ষা করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান কারও অনুমতির অপেক্ষা করবে না বলেও তিনি উল্লেখ করেন।

এর এক দিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরান নিয়ে নতুন হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানের সঙ্গে চুক্তি করা হবে কি না, নাকি দ্রুত ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, সে বিষয়ে তিনি বড় একটি সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ সময় ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগও পুনর্ব্যক্ত করেন। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত