ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি বিমান হামলা ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব অভিযানে ১,৫৪০ জন হুথি সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজিলি বলেন, হুথিদের অবস্থান, সামরিক গতিবিধি, রসদ ও শক্তিবৃদ্ধির পথ এবং সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়।
তিনি জানান, যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে অভিযান চালানো হয়েছে। দক্ষিণ হারাধ ও উপকূলীয় এলাকা থেকে শুরু করে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বায়দা, লাহজ, সানা ও সা'দা পর্যন্ত এসব অভিযান বিস্তৃত ছিল। তবে তাইজে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
আল-নাজিলির দাবি, হতাহত ১ হাজার ৫৪০ হুথির অধিকাংশই তাইজের বিভিন্ন ফ্রন্টে হতাহত হয়েছেন। একই সময়ে ২১৬টি সামরিক যান ও অন্যান্য সামরিক সক্ষমতা ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র আরও বলেন, তাইজের ফ্রন্টগুলোতে এসব অভিযানের ফলে হুথি বাহিনীর অবস্থান ভেঙে পড়েছে এবং যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জনের তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
তবে হতাহতের এসব সংখ্যা ও সামরিক সাফল্যের দাবিগুলো ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া; স্বাধীনভাবে তা যাচাই করা হয়নি।
গাজা সিটিতে অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫
বাজারে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে রাজি ইউরোপ