ইরাককে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার লক্ষ্য নিয়ে দেশটিতে সামরিক অভিযান চালিয়েছিল ওয়াশিংটন। তবে শেষ পর্যন্ত শক্তিশালী ইরাক রেখে যুক্তরাষ্ট্রকে অপমানজনকভাবে দেশটি থেকে সরে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইরানের পার্লামেন্টের অধিবেশনে পূর্বনির্ধারিত আলোচনার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিকজাদ বলেন, যুক্তরাষ্ট্র ইরাকে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। বরং ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির পর দেশটি থেকে সরে যেতে হয়েছে।
ইরাক যুদ্ধের প্রসঙ্গ তুলে নিকজাদ দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানে ১০ হাজার মার্কিন সেনা নিহত এবং ৩১ হাজার আহত হয়েছে। তার ভাষ্য, ইরাককে নিজেদের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার আকাঙ্ক্ষা নিয়েই যুক্তরাষ্ট্র সেখানে গিয়েছিল, কিন্তু বাস্তব পরিস্থিতি ওয়াশিংটনের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়।
ইরানি এই আইনপ্রণেতা একই সঙ্গে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, তা মার্কিন কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ফাঁকা পোস্টে নির্ধারিত হয় না। বরং যুক্তরাষ্ট্রের জ্বালানির দামের সূচকই এ বিষয়ে বাস্তব পরিস্থিতির ইঙ্গিত দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে নিকজাদ বলেন, ইরানের জনগণের দৃঢ় মনোবল ও অটল বিশ্বাসের কাছে যুক্তরাষ্ট্র যে পরাজয়ের মুখোমুখি হয়েছে, তা স্বীকার করতে না চাওয়ার কারণেই ওয়াশিংটন এমন বক্তব্য দিচ্ছে। তার মতে, বাস্তবতা বক্তব্য বা প্রচারণায় নয়, যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হয়।
ট্রাম্পের হুমকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন নিকজাদ। তার ভাষ্য, এসব বক্তব্যের লক্ষ্য মার্কিন নির্বাচনকে প্রভাবিত করা এবং দেশের অভ্যন্তরীণ জনমতকে প্রভাবিত করা; মাঠপর্যায়ে এসব হুমকির কোনো বাস্তব প্রভাব নেই।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে তার জবাব দেওয়ার জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান নিকজাদ। তিনি বলেন, নতুন কোনো হামলা হলে ইরানের প্রতিক্রিয়া হবে আরও দৃঢ়, ব্যাপক ও কঠোর। সূত্র: মেহর নিউজ এজেন্সি
হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত
সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নিতে বেলারুশে আইআরজিসির স্পেশাল ইউনিট
ইসরায়েলি ২৭ কূটনীতিককে বহিষ্কারের হুঁশিয়ারি যুক্তরাজ্যের