হরমুজে জাহাজ চলাচলে ইরানের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক: সাইয়ারি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

হরমুজ প্রণালি বন্ধ রয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও উপসমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। তিনি বলেছেন, এই প্রণালি দিয়ে যেকোনো ধরনের জাহাজ চলাচলের আগে সমন্বয় করতে হবে। অন্যথায় কী ঘটতে পারে, তা সংবাদমাধ্যমের প্রতিবেদনেই দেখা যাচ্ছে বলে সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সেনাবাহিনীর নার্সদের সম্মাননা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাইয়ারি।

হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, প্রণালিটি বন্ধ না থাকলে এবং এর মধ্য দিয়ে তেল পরিবহন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বাড়ত না। তাঁর ভাষায়, বিষয়টি স্পষ্ট ও সুস্পষ্ট।

হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক অবস্থান তুলে ধরে সাইয়ারি বলেন, প্রণালির পশ্চিমাংশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। অন্যদিকে, প্রণালির পূর্বাংশ থেকে ওমান সাগরের উত্তরাঞ্চল পর্যন্ত ইরানের নিয়মিত সেনাবাহিনী কর্তৃত্বপূর্ণ অবস্থানে থেকে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি দাবি করেন, ওই এলাকায় ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারি রয়েছে। ফলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের সঙ্গে সমন্বয় করা জরুরি বলে আবারও জোর দেন তিনি। সাইয়ারি সতর্ক করে বলেন, সমন্বয় ছাড়া প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করলে তার পরিণতি কী হতে পারে, তা সংবাদমাধ্যমের খবরেই দেখা যাচ্ছে। তবে তাঁর বক্তব্যে সমন্বয়ের নির্দিষ্ট পদ্ধতি কিংবা কোন ধরনের জাহাজের ক্ষেত্রে কী শর্ত প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত