জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে ফ্রান্স। এর অংশ হিসেবে বুধবার (২১ অক্টোবর) রিয়াদে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার পাশাপাশি জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
ফরাসি প্রেসিডেন্সির বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, বৈঠকে দুই নেতা নিজ নিজ দেশের মধ্যকার শক্তিশালী অংশীদারত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে সরবরাহব্যবস্থা সচল রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানিয়েছে ফরাসি প্রেসিডেন্সি।
এর মধ্যে রয়েছে সৌদি আরব থেকে ফ্রান্সে অতিরিক্ত ডিজেল সরবরাহ অব্যাহত রাখা। ফরাসি প্রেসিডেন্সি জানিয়েছে, নিজেদের জ্বালানির চাহিদা পূরণে আগে থেকেই যে অতিরিক্ত ডিজেল সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল, তা প্রয়োজন অনুযায়ী আরও কয়েক মাস চালিয়ে যেতে সম্মত হয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে কত মাস এই সরবরাহ অব্যাহত থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
বৈঠকে সৌদি আরবের ইয়ানবুতে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর সুরক্ষায় ফ্রান্সের সহায়তার বিষয়টিও উঠে আসে। ফরাসি প্রেসিডেন্সির ভাষ্য অনুযায়ী, এ সহায়তায় সন্তুষ্টি প্রকাশ করেছে সৌদি আরব। পাশাপাশি দুই দেশ নিরাপত্তা সহযোগিতা আরও বিস্তৃত করতে শিগগিরই নতুন করে আলোচনা করবে।
অন্যদিকে, হরমুজ প্রণালিকে ঘিরে ঝুঁকি কমাতে অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নেও একসঙ্গে কাজ করবে ফ্রান্স ও সৌদি আরব। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে বিকল্প অবকাঠামো ও সরবরাহব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ দুই দেশের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।
উপসাগরীয় অঞ্চল সফরের অংশ হিসেবে সৌদি আরব গেছেন ম্যাক্রোঁ। ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে কেন্দ্র করে সপ্তাহান্তে সহিংস বিক্ষোভের পর জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং তেলের পাশাপাশি ডিজেলের দাম কমানোর লক্ষ্য নিয়ে তিনি এ সফর করছেন বলে জানিয়েছে আরব নিউজ। ফলে রিয়াদের এই বৈঠকে শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, ফ্রান্সের অভ্যন্তরীণ জ্বালানি পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: আরব নিউজ
সংঘাতের মনস্তাত্ত্বিক দিক নিয়ে মোজতবা খামেনির সঙ্গে গালিবাফের বৈঠক
'পরমাণু ইস্যুতে বাবার পথে হাঁটছেন মোজতবা খামেনি'
এবার আক্রমণাত্মক কৌশলে যাবে ইরান: আইআরজিসি