ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে মার্কিন বাহিনীর অনীহা, যুদ্ধপ্রস্তুতি কমার আশঙ্কা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক প্রস্তুতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের কারণে বাহিনীর যুদ্ধপ্রস্তুতি কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। পশ্চিমা সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে জানিয়েছে, বছরের শেষ নাগাদও বর্তমান সামরিক অবস্থান ও মোতায়েন অব্যাহত থাকলে বাহিনীর কার্যক্ষমতা এবং অভিযান পরিচালনার প্রস্তুতি দুর্বল হয়ে পড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, প্রায় এক বছর ধরে চলা বিশাল সামরিক মোতায়েন নিয়ে সামরিক পরিকল্পনাকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, এই তৎপরতায় বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি সামরিক প্রস্তুতিও ক্ষয় হচ্ছে। ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলে সম্ভাব্য হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা কমে যেতে পারে।

মার্কিন বাহিনীর ওপর চাপের পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক ও আর্থিক ঝুঁকিও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক পরিকল্পনাকারীরা মনে করছেন, নতুন ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন কংগ্রেস প্রতিরক্ষা ব্যয় কমানোর উদ্যোগ নিতে পারে। একই সঙ্গে বিদেশে সামরিক অভিযান পরিচালনার ওপর নজরদারি বাড়াতে পারে।

ইরান সংঘাতের প্রতি মার্কিন জনসমর্থন কমে যাওয়ায় এমন বিরোধিতা আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ঐতিহাসিক নির্বাচনী বিপর্যয়ের পেছনেও এই সংঘাত ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি কর্মকর্তারা নতুন বছরের আগে ইরানে আবারও হামলা শুরুর জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ দিচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তাঁরা সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ দ্রুত সংকুচিত হয়ে আসছে এমন যুক্তি তুলে ধরে নতুন করে অভিযান শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন।

গত সপ্তাহে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান যুক্তরাষ্ট্র সফর করেন। সেখানে তিনি জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। যৌথভাবে নতুন হামলা চালানোর পক্ষে যুক্তি তুলে ধরাই ছিল তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে আগ্রহী নন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি সম্প্রতি বলেছেন, বর্তমান পরিস্থিতি বজায় রাখতেই তিনি সন্তুষ্ট। এর মধ্যে ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল মার্কিন নৌ-অবরোধও রয়েছে।

এর আগে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরুর যে চাপ দিয়েছিলেন, ট্রাম্প তাৎক্ষণিকভাবে তাতে সায় দেননি।

এদিকে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ইসরায়েল-অধিকৃত ভূখণ্ডেও উদ্বেগ বাড়ছে।

গত মাসের নির্বাচন কোনো চূড়ান্ত ফল ছাড়াই শেষ হওয়ার পর নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিরোধী নেতাদের মধ্যে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট সতর্ক করেছেন, নিজের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহু সামরিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারেন। এ ধরনের চাপ প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর প্রধানদের পাশে থাকার অঙ্গীকারও করেছেন তিনি।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত