নেতানিয়াহুকে ঠাণ্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সুনাকের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোনালাপে নেতানিয়াহুকে মাথা ঠাণ্ডা রাখার আহ্বান জানিয়েছেন সুনাক। কেননা এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারও স্বার্থ হাসিল হবে না। বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে।
গত পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিশোধ হিসেবে ইরান শনিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়।
ইসরায়েলের ভূখণ্ডে ইরানের অপ্রত্যাশিত এই হামলায় হতচকিত পশ্চিমা বিশ্ব।
এ ঘটনায় ইরানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনও জানা যায়নি। এ হামলার বিপরীতে ইসরায়েলের প্রতি পশ্চিমা বিশ্বের আহ্বান, এ মুহুর্তে হুট করে ইরানে হামলা করা ঠিক হবে না।

