মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও তা নিয়ে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তিনি মনে করেন, ইরানকে ঘিরে গড়ে ওঠা সামরিক পরিস্থিতিই এখন তার জন্য মূল বিষয়।
বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'জ্বালানি তেলের দাম নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। যুদ্ধ শেষ হলে দাম দ্রুত আবার নিচে নেমে আসবে। আর যদি কিছুটা বেড়ে যায়, সেটা বাড়তেই দিন; সামরিক অভিযান অনেক বেশি গুরুত্বপূর্ণ।'
বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম নিয়ে ট্রাম্পের এই বক্তব্য তার আগের অবস্থানের চেয়ে কিছুটা ভিন্ন। গত মাসে কংগ্রেসে দেওয়া ভাষণ এবং টেক্সাসে এক জ্বালানি বিষয়ক সমাবেশে তিনি তেলের দাম কমানোর বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছিলেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের জন্য প্রশাসন ইতোমধ্যেই পদক্ষেপ শুরু করেছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ইউলেস এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রিট তেল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে আলোচনা করছেন।
বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর তেলের দাম উল্টোভাবে বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে দেশজুড়ে জ্বালানি তেলের গড় দাম প্রতি গ্যালনে ২৭ সেন্ট বেড়ে ৩.২৫ ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় দাম এখন প্রায় ১৫ সেন্ট বেশি।
সূত্র: রয়টার্স
কুয়েতের দুই মার্কিন ঘাঁটিতে ফের ইরানের ড্রোন হামলা
ইরানি আরেক জাহাজ থেকে ২০৮ ক্রুকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা
