কুয়েতের দুই মার্কিন ঘাঁটিতে ফের ইরানের ড্রোন হামলা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে শুক্রবার (৬ মার্চ) ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এ তথ্য প্রথমে জানিয়েছে আলজাজিরা।

ইরানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একঝাঁক ধ্বংসাত্মক ও নতুন প্রজন্মের ড্রোন প্রেরণ করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে বিপুলসংখ্যক ড্রোন দ্বারা ঘাঁটিগুলোতে উপর্যুপরি আঘাত হানা হয়েছে এবং অভিযান আগামী কয়েক ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে।

ইরানের প্রভাবশালী ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই অভিযান কেবল কুয়েতে সীমাবদ্ধ নয়। নতুন প্রজন্মের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকেও আঘাত করছে।

আইআরজিসি দাবি করেছে, ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন, হাইফা ও তেল আবিবের মতো শহরগুলোতেও বড় ধরনের হামলা চালানো হয়েছে। তবে ওয়াশিংটন বা তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

তেহরান জানিয়েছে, কুয়েতের ওই দুটি ঘাঁটিতে হামলা চালানোর কারণ, সেগুলো থেকে ইরানের ওপর গোয়েন্দা নজরদারি ও সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন