ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আতঙ্কে যখন ইসরায়েলের আকাশজুড়ে বারবার সাইরেন বাজছে, ঠিক সেই সময় তেল আবিবে এক ভিন্ন দৃশ্যের জন্ম দিলেন এক ইসরায়েলি যুগল। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই শহরের একটি ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে বিয়ের আয়োজন করেন লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ।
পুরো দেশে বড় ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকায় তাদের পূর্বনির্ধারিত বিয়ের পরিকল্পনা ভেস্তে যায়। তবুও দিনটি বাতিল না করে ভিন্ন উপায় খুঁজে নেন তারা। শেষ পর্যন্ত তেল আবিবের একটি শপিং কমপ্লেক্সের চার তলা নিচে অবস্থিত বোমা আশ্রয়কেন্দ্রেই সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান।
নবদম্পতির মূল পরিকল্পনা ছিল পেতাহ টিকভা শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিয়ে করা। কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা বিধিনিষেধের কারণে সেই স্থান ব্যবহার করা সম্ভব হয়নি। পরে একই তারিখে তেল আবিবের ডিজেনগফ সেন্টার শপিং কমপ্লেক্সের পার্কিং লটকে বেছে নেওয়া হয়, যা জরুরি পরিস্থিতিতে বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।
বিয়েটি পিছিয়ে না দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল পরিবারের উপস্থিতি। মারিয়ানোফের পরিবারের সদস্যরা দূর আর্জেন্টিনা থেকে অনুষ্ঠানে যোগ দিতে আগেই ইসরায়েলে এসে পৌঁছেছিলেন। ফলে অল্প সময়ের নোটিশে বন্ধু ও আত্মীয়দের নতুন ঠিকানায় আসার খবর জানিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রায় ত্রিশ শতাংশ ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন। বাকি অতিথিদের বড় অংশই ছিলেন আশ্রয়কেন্দ্রে নিরাপত্তার জন্য অবস্থান নেওয়া সাধারণ মানুষ। তারাও আনন্দের সঙ্গে নবদম্পতির বিয়ের মুহূর্তে অংশ নেন এবং অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও এক ভিন্নধর্মী উদযাপনের সাক্ষী হন।
ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মারিয়ানোফ বলেন, মানুষ কেবল আমাদের আনন্দ ভাগ করে নিতে এসেছিল। পুরো মুহূর্তটি ছিল আবেগঘন এবং একেবারেই অনন্য।
গত আটাশ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তাদের বিয়ে আদৌ হবে কি না তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন এই যুগল। অবশেষে তিন মার্চ বিয়ের অনুষ্ঠান চলাকালেও কয়েক দফা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিরাপদ অবস্থায় তারা অনুষ্ঠান চালিয়ে যান।
ল্যাসরি বলেন, সবকিছুর মধ্যেও আমরা আমাদের বিয়েটা সম্পন্ন করতে পেরেছি। পরিস্থিতি কঠিন হলেও এটি আমাদের জীবনের সবচেয়ে আবেগঘন এবং আনন্দের একটি মুহূর্ত হয়ে থাকবে।
ইরানে হামলা নিয়ে বাজি ধরে বিরাট অঙ্কের টাকা জিতলো জুয়াড়িরা
অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক ড্রোন হামলা
যুক্তরাজ্যের উচিৎ ইরানে মার্কিন হামলার বিরোধীতা করা: ব্রিটিশ এমপি
