রাতে ইরানে সর্বোচ্চ হামলার হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে আজ শুক্রবার রাতেই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সংখ্যক হামলা চালাতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) ভার্জিনিয়ার আর্লিংটন শহরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হেগসেথ দাবি করেন, আজকের দিনটি আবারও এমন একটি দিন হতে পারে যখন ইরান এবং রাজধানী তেহরান-এর আকাশে যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া এবং ভবিষ্যতে যাতে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করা।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিয়েছিলেন। সূত্র: আল–জাজিরা।

AS/AHA
আরও পড়ুন