আলি লারিজানি ও গোলামরেজা সোলাইমানি নিহতের দাবি ইসরায়েলের 

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীনস্থ আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ঘটনাগুলোর সত্যতা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) রাতে পরিচালিত এক হামলায় বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হন। তাদের মতে, এই মৃত্যু ইরানের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা। একই সঙ্গে ইরানি কমান্ডারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ অব্যাহত রাখার অঙ্গীকারও করেছে ইসরায়েল।

অন্যদিকে একই সময়ে ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি ইরানের ক্ষমতা কাঠামোর অন্যতম প্রভাবশালী ও তুলনামূলক বাস্তববাদী মুখ হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। দর্শনের প্রতিও তার ঝোঁক ছিল এবং অষ্টাদশ শতকের জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের চিন্তাধারা নিয়ে একটি বইও লিখেছিলেন।

তবে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তার রাজনৈতিক ভাষায় পরিবর্তন দেখা যায়। গত ১ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার মাত্র ২৪ ঘণ্টা পর রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে লারিজানি জ্বালাময়ী বক্তব্য দেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও নেতা নিহত হয়েছেন বলে বিভিন্ন পক্ষ দাবি করছে। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত