যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনীর একটি সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে ‘জলদস্যু’ শব্দ ব্যবহার করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১ মে) ফ্লোরিডায় আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বিস্তারিতভাবে বলেন, ইরানি বন্দর অবরোধ ঘিরে পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন বাহিনী একটি জাহাজে অবতরণ করে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একই সঙ্গে জাহাজে থাকা কার্গো ও তেলও জব্দ করা হয়। পুরো ঘটনাকে বর্ণনা করতে গিয়ে তিনি মন্তব্য করেন, 'আমরা যেন জলদস্যুর মতো… আমরা জাহাজে উঠি, নিয়ন্ত্রণ নিই, সব নিয়ে নিই।'
এরপরই তিনি আবারও জোর দিয়ে বলেন, 'আমরা এক অর্থে জলদস্যুর মতো, কিন্তু আমরা কোনো খেলায় নেই', এ মন্তব্যে সমাবেশে উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া দেখা যায়।
ট্রাম্পের এই তুলনা এমন এক সময়ে সামনে এলো, যখন ইরানের অবরোধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই জলপথটি বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর তেহরান কার্যত প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে এবং এখান দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের পরিকল্পনার কথাও সামনে আনে। পাল্টা জবাবে হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ জারি করে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সূত্র: আলজাজিরা
ইরান যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমতি লাগবে না: ট্রাম্প
ইসরায়েলি নৃশংসতায় অর্থায়নের দায়ে কড়া সমালোচনায় ট্রাম্প