গালিবাফ-আরাঘচিকে হত্যার আশঙ্কা, তেহরানকে যুক্তরাষ্ট্রের সতর্কতা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় অংশ নেওয়া শীর্ষ প্রতিনিধিদের হত্যার আশঙ্কা থেকে তেহরানকে গোপনে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

মার্কিন কর্মকর্তাদের মতে, ওয়াশিংটনের আশঙ্কা, ইসরায়েল ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অথবা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে লক্ষ্যবস্তু করতে পারে। দুজনই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ সতর্কবার্তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে এমন কোনো নির্দিষ্ট হত্যাচক্রান্তের তথ্য আছে কি না, তা স্পষ্ট নয়। যদিও ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা অতীতে প্রকাশ্যেই ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার আগ্রহের কথা জানিয়েছেন।

এর আগে মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে ইরানের আলোচকদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, তিনি চান না তারা হত্যার শিকার হন। 

অন্যদিকে, নিউইয়র্ক টাইমসের একই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করে, প্রতিবেদনটি ‘সম্পূর্ণ ভুয়া’ এবং ‘বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি’।

এ বিষয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। হোয়াইট হাউসের কাছেও প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। সূত্র: ফক্স নিউজ

AS
আরও পড়ুন