বোমার চেয়ে অর্থনৈতিক চাপে বেশি ভীত ইরান: মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

অর্থনৈতিক চাপের মুখেই ইরান ছাড় দিতে বাধ্য হবে বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের নেওয়া অর্থনৈতিক পদক্ষেপগুলো ইরানের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, যার ফলে ইরানি পক্ষ বারবার আলোচনার টেবিলে এসে নগদ অর্থ পাওয়ার আকুতি জানাচ্ছে।

ওয়াল্টজ বলেন, ইরানিরা আমাদের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার টেবিলে বসলেই তারা শুধু 'নগদ অর্থ, নগদ অর্থ এবং নগদ অর্থ' পাওয়ার কথা বলে। কারণ তারা সামরিক বোমাবর্ষণ সহ্য করে নিতে প্রস্তুত।

তিনি বলেন, রসিকতা করে হলেও আমি সত্যিটাই বলছি—এই মুহূর্তে প্রতিরক্ষা সচিব হেগসেথের বোমাবর্ষণের চেয়ে ট্রেজারি সচিব বেসেন্টকে বেশি ভয় পাচ্ছে ইরান।

মার্কিন দূত দাবি করেন, ইরানের নেতারা তাদের দেশের সামরিক বাহিনী কিংবা সাধারণ জনগণের পরোয়া করেন না। তাদের মূল উদ্বেগের জায়গা হলো তাদের মুদ্রার চরম মানপতন এবং গত ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছানো মূল্যস্ফীতি।

ওয়াল্টজ আরও উল্লেখ করেন, তারা ক্রমাগত তাদের অবরুদ্ধ সম্পদ ও নগদ অর্থ ব্যবহারের সুযোগ চাইছে... এই চাপ এবং তার সাথে আমাদের অর্থনৈতিক অবরোধ—এই দুটি বিষয়ই শেষ পর্যন্ত ইরানকে নতিস্বীকার করতে বাধ্য করবে।

সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন