ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নীতি ব্যর্থ হয়েছে এবং তিনি এই যুদ্ধ হেরে গেছেন বলে দাবি করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, এই যুদ্ধ অব্যাহত থাকার অর্থ হলো দিন দিন ওয়াশিংটন দুর্বল হওয়া এবং তেহরানের শক্তিশালী হওয়া।
মারফি জানান, চলমান যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরারম্ভের জন্য তিনি একটি খারাপ চুক্তিকেও সমর্থন দিতে প্রস্তুত। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আলোচনা স্থগিত থাকায় এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালুর মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সংকট তুলে ধরে এই মার্কিন আইনপ্রণেতা বলেন, যুদ্ধ এখনই থামানো দরকার। কারণ প্রতিটা দিন যুদ্ধ চলায় আমেরিকা শক্তি হারাচ্ছে এবং ইরান আরও শক্তিশালী হচ্ছে। অন্যদিকে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ সংকটে পড়ছে।
তিনি জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন কোনো তহবিল বরাদ্দে তিনি বিরোধিতা করবেন, তবে সংঘাত শেষে মার্কিন যুদ্ধাপকরণ বা গোলাবারুদ পুনর্পূরণে সমর্থন দেবেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববারে দেওয়া এক বিবৃতিতে জানান, আমেরিকার সাথে এই মুহূর্তে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না।
তিনি পরিষ্কার জানিয়ে দেন, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারসহ তেহরানের শর্তগুলো ওয়াশিংটন পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি কোনোভাবেই উন্মুক্ত করা হবে না।
বোমার চেয়ে অর্থনৈতিক চাপে বেশি ভীত ইরান: মার্কিন রাষ্ট্রদূত
ভারতের সাথে সরাসরি রেল যোগাযোগের ভাবনা রাশিয়ার