দীর্ঘ নীরবতার পর ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, যুদ্ধবিরতির পর নতুন বাস্তবতায় তেহরানের সঙ্গে আলোচনায় ফিরছে বার্লিন।
মের্ৎস বলেন, 'দীর্ঘ সময় নীরব থাকার পেছনে আমাদের যথেষ্ট কারণ ছিল। তবে এখন সরকার হিসেবে আমরা আবারও তেহরানের সঙ্গে আলোচনা শুরু করছি।' তার মতে, এই সংলাপ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করেই এগিয়ে নেওয়া হবে।
একই সঙ্গে তিনি জানান, যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক ম্যান্ডেটের আওতায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে জার্মানি অবদান রাখতে প্রস্তুত। এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কেও অবহিত করেছেন।
ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে মের্ৎস তুলনামূলক সংযত অবস্থান নেন। তিনি বলেন, তার বিশ্বাস, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কোনো সভ্যতা ধ্বংস করা নয়, যদিও কয়েকদিন আগে ট্রাম্পের মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।
তবে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও স্পষ্ট করেছেন জার্মান চ্যান্সেলর। বিশেষ করে লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে তিনি 'বিশেষ উদ্বেগের' কারণ হিসেবে উল্লেখ করেন। তার সতর্কবার্তা, এই অভিযান অব্যাহত থাকলে পুরো শান্তি প্রক্রিয়াই ভেঙে পড়তে পারে, যা কোনোভাবেই হতে দেওয়া উচিত নয়। সূত্র: আলজাজিরা
এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করলো রাশিয়া
আমাদের হাত এখনো ট্রিগারেই আছে, লেবানন প্রসঙ্গে পেজেশকিয়ান
