বিশ্ব এক নজিরবিহীন এবং ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (IEA) প্রধান ফাতিহ বিরল। লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের মজুত আশঙ্কাজনক হারে কমে এসেছে। বর্তমানে ইউরোপের দেশগুলোতে মাত্র ৬ সপ্তাহের জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিহ বিরল বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় বিশ্ব সম্ভবত তার ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে খুব শীঘ্রই ইউরোপসহ বিশ্বজুড়ে বড় বড় ফ্লাইটগুলো বাতিল করা শুরু হতে পারে।
আইইএ প্রধানের মতে, এই সংকট কেবল এভিয়েশন খাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতিতে এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, পরিস্থিতি যত দীর্ঘ হবে, বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ততটাই বাধাগ্রস্ত হবে এবং মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর সরাসরি প্রভাব হিসেবে পেট্রোল, গ্যাস এবং বিদ্যুতের দাম কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সূত্র: আল-জাজিরা
জার্মানিতে কয়েক শতাধিক ফ্লাইট বাতিল, নেপথ্যে কি?