মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার দিনক্ষণ চূড়ান্ত করেছে তুরস্ক এবং তিউনিসিয়া। দেশ দুটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ২৭ মে সেখানে কোরবানির ঈদ উদযাপিত হবে।
হিসাব অনুযায়ী, সোমবার (১৮ মে) থেকে আরবি চন্দ্র বছরের সর্বশেষ মাস জিলহজের গণনা শুরু হবে। সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে মুসলিমরা ঈদুল আজহা উদযাপন করে থাকেন, যার ফলে তিউনিসিয়া ও তুরস্কে আগামী ২৭ মে এই উৎসব পালিত হতে যাচ্ছে।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া।
অপরদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই ঈদের তারিখ ঘোষণা করেছে। তারা মূলত বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়।
পবিত্র জিলহজ মাসের চাঁদ ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) বলেছে, গণনা অনুযায়ী ওই দিন জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।
সেই হিসেবে আগামী ২৭ মে বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। সূত্র: গালফ নিউজ
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত