যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধ এড়িয়ে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান রাশিয়ার

আপডেট : ২৮ মে ২০২৬, ০৭:২৫ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও সামরিক সংঘাতে না জড়িয়ে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো চায় দুই দেশ কূটনৈতিক আলোচনার পথেই অগ্রসর হোক।

তিনি জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে সহায়তা করতে এখনো প্রস্তুত রয়েছে রাশিয়া। তবে এ বিষয়ে নিজেদের প্রস্তাব মস্কো জোর করে চাপিয়ে দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ডোনাল্ড ট্রাম্প পুনরায় স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাখার অনুমতি দেবে না।

বর্তমানে শান্তি আলোচনা ও সমঝোতা প্রচেষ্টার সবচেয়ে বড় অচলাবস্থার একটি হয়ে উঠেছে ইরানের হাতে থাকা প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এই মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্রমানের কাছাকাছি হওয়ায় তা পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং জ্বালানি ও গবেষণামূলক কাজে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন