লেবাননে আগ্রাসন থামাতে ইসরায়েলকে জার্মান চ্যান্সেলরের আহ্বান

আপডেট : ০২ জুন ২০২৬, ১০:৩৭ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি ইসরায়েলকে আরও সংযমী আচরণ করার আহ্বান জানিয়েছেন, এমন এক সময়ে যখন লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলা ও সামরিক অনুপ্রবেশ বিস্তৃত হচ্ছে এবং বেসামরিক হতাহতের সংখ্যাও ক্রমশ বাড়ছে।

মের্ৎস বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক যে উত্তেজনা ও সংঘাতের বিস্তার ঘটেছে, সেটিকে জার্মানি অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তার মতে, পরিস্থিতি আরও জটিল ও অস্থিতিশীল হয়ে উঠলে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

একই সঙ্গে তিনি হিজবুল্লাহর প্রতিও আহ্বান জানিয়েছেন। মের্ৎসের ভাষ্য অনুযায়ী, সংঘাত প্রশমিত করতে এবং উত্তেজনা কমাতে হিজবুল্লাহকে অস্ত্র পরিত্যাগের পথে এগিয়ে আসতে হবে। তিনি ইঙ্গিত দেন, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সব পক্ষেরই দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

জার্মান চ্যান্সেলরের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন লেবানন-ইসরায়েল সীমান্তজুড়ে সংঘাত, সামরিক তৎপরতা এবং পাল্টাপাল্টি হামলার কারণে পরিস্থিতি ক্রমেই আরও স্পর্শকাতর হয়ে উঠছে। তার বক্তব্যে একদিকে ইসরায়েলের প্রতি সংযমের আহ্বান, অন্যদিকে হিজবুল্লাহর প্রতি অস্ত্র ত্যাগের আহ্বানের মাধ্যমে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টারই প্রতিফলন দেখা গেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন