রেকর্ডভাঙা তাপপ্রবাহের মধ্যেই লন্ডনে জলবায়ু সম্মেলন

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম

রেকর্ডভাঙা তাপপ্রবাহে যখন যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল পুড়ছে, ঠিক সেই সময়ই লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ জলবায়ুবিষয়ক আয়োজন ‘লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক’। ফলে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনার এই সপ্তাহটি যেন বাস্তবতার কঠিন এক পরীক্ষার মুখোমুখি হয়েছে।

চলমান দাবদাহের মধ্যে আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন জলবায়ু কর্মী, বিনিয়োগকারী, দাতাসংস্থা প্রতিনিধি এবং বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তারা। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের অনুষ্ঠানে প্রায় ৭৫ হাজার অংশগ্রহণকারী যুক্ত হয়েছেন এবং নগরীর বিভিন্ন স্থানে এক হাজারের বেশি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

এ আয়োজনে উপস্থিত রয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গসহ আন্তর্জাতিক অঙ্গনের বহু পরিচিত ব্যক্তিত্ব।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে জলবায়ুবিষয়ক নীতিতে পরিবর্তন এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বিতর্কের কারণে নিউইয়র্ক ক্লাইমেট উইকের গুরুত্ব কিছুটা কমে যাওয়ার পর লন্ডনের এই আয়োজন আন্তর্জাতিক পরিসরে আরও বেশি গুরুত্ব অর্জন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে বিজ্ঞানীরা বলছেন, ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের পেছনে জীবাশ্ম জ্বালানির ব্যবহারজনিত বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব স্পষ্টভাবে কাজ করছে। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে দাবদাহ এখন আরও দীর্ঘস্থায়ী, ঘনঘন এবং তীব্র হয়ে উঠছে।

লন্ডনে জলবায়ু সম্মেলন চলাকালে তাপমাত্রার ঊর্ধ্বগতি অনেকের কাছেই এক প্রতীকী বাস্তবতা হয়ে উঠেছে। জলবায়ু সংকট নিয়ে আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীরা সরাসরি সেই সংকটের প্রভাবও অনুভব করছেন। সূত্র: সিএনএন

AS
আরও পড়ুন