ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, নিহত ১১

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে স্কাইডাইভিং অভিযানে থাকা একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে বিমানের পাইলটসহ সব আরোহীরই মৃত্যু হয়েছে।

ম্যুর্থ-এ-মোজেল অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভ সেগুই ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, বিধ্বস্ত বিমানটিতে একজন পাইলটের পাশাপাশি ১০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে এবং কী পরিস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে পুলিশ নিরাপত্তার স্বার্থে টম্বলেন বিমানবন্দরসংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। যাতে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারে, সে জন্য সাধারণ মানুষকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন