ন্যাটো রাষ্ট্রপ্রধানদের রিভলভার উপহার এরদোয়ানের

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ব্যতিক্রমী এক উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিদায়ী উপহার হিসেবে প্রত্যেক নেতার হাতে তুলে দেওয়া হয়েছে একটি পুরোনো ধাঁচের রিভলভার, সঙ্গে ছিল ব্যবহারযোগ্য গুলিও। ফলে উপহারটি শুধু প্রদর্শনীর জন্য নয়, কার্যকর আগ্নেয়াস্ত্র হিসেবেই তৈরি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এরদোয়ানের এই উদ্যোগের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরা। উপহার হিসেবে দেওয়া রিভলভারটি ছিল তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেই নির্মিত বিরল গুমুসাই .৩৫৭ ম্যাগনাম মডেলের। এটি নব্বইয়ের দশকে তৈরি হয়েছিল এবং দেশটির তৈরি প্রথম রিভলভারধর্মী হ্যান্ডগান হিসেবে পরিচিত।

তুরস্কের বিরল গুমুসাই .৩৫৭ ম্যাগনাম রিভলভার।

রিভলভারগুলো কাঠের বিশেষ বাক্সে সংরক্ষিত ছিল। বাক্সে তুরস্কের জাতীয় পতাকা, ন্যাটোর প্রতীক এবং তুর্কি ও ইংরেজি ভাষায় খোদাই করা একটি ফলক ছিল। অস্ত্রের নলেও সংশ্লিষ্ট নেতাদের নাম খোদাই করে দেওয়া হয়, যা উপহারটিকে আরও ব্যক্তিগত ও স্মরণীয় করে তোলে।

সম্মেলন শেষে দেশে ফিরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার নিজের লাগেজে রিভলভার ও গুলি দেখতে পেয়ে বিস্মিত হন। পরে তিনি সেটি ব্রাসেলস বিমানবন্দর পুলিশের কাছে নিরাপদে সংরক্ষণের জন্য হস্তান্তর করেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎসকির কার্যালয় জানিয়েছে, তাদের পাওয়া রিভলভারটি কাস্টমস প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। এরপর সেটি যথাযথ নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করা হবে। কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, এটি দিয়ে কেউ গুলি চালাবে না, বরং রাষ্ট্রীয় উপহার হিসেবে সংরক্ষণ করা হবে।

নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের উপহার পাওয়া রিভলভার নিজ নিজ দেশের আঙ্কারাস্থ দূতাবাসে রাখা হয়েছে। নেদারল্যান্ডস অস্ত্রটি অকার্যকর করার পরিকল্পনা করেছে, আর সুইডেনে এটি আমদানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য দেওয়া রিভলভারের সঙ্গে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কিট এবং ৫০০ রাউন্ড গুলিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিটের একটি সূত্র।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রিভলভারটি ইতোমধ্যে রোমের সরকারি ভবন পালাজ্জো কিজিতে অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লিয়েন জানিয়েছেন, তিনি নিজের পাওয়া রিভলভারটি একটি সামরিক জাদুঘরে দান করবেন। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রীও। তিনি অস্ত্রটি এথেন্সের যুদ্ধ জাদুঘরে হস্তান্তর করবেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রসিকতা করে বলেন, তুরস্কের এই উপহারের তুলনায় তার দেওয়া ম্যাপল সিরাপের উপহার যেন অনেকটাই ম্লান হয়ে গেছে। তবে তিনি জানান, তিনি নিজে রিভলভারটি দেখেননি এবং সেটি আগেই অকার্যকর করা হয়েছে। ভবিষ্যতে এটি কানাডার জাতীয় যুদ্ধ জাদুঘরে রাখা হতে পারে।

বিশ্বব্যাপী আধুনিক পিস্তল উৎপাদনে এখন মূলত আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের আধিপত্য থাকলেও গুমুসাই রিভলভার সংগ্রাহকদের কাছে একটি বিরল নিদর্শন হিসেবে বিবেচিত হয়। অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জেনেভাভিত্তিক স্মল আর্মস সার্ভের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩০০ কোটি ডলারের ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র রপ্তানি করে যুক্তরাষ্ট্র ও ইতালির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে তুরস্ক। সূত্র: রয়টার্স

AS
আরও পড়ুন